অনির্বাণের হয়ে আমি ক্ষমাপ্রার্থী’-স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে দেবের বার্তা

শুক্রবার স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে অনির্বাণ প্রসঙ্গে মুখ খুললেন দেব। তিনি বলেন, “অনির্বাণের হয়ে আমি ক্ষমাপ্রার্থী”। দেব–শুভশ্রী জুটির পরবর্তী ছবিতে অনির্বাণ থাকছেন—এই জল্পনা উড়িয়ে দিয়ে দেব স্পষ্ট করেন, ‘ওটা ফেক নিউজ।’ পুজোর ‘দেশু’ জুটির ছবিতে অনির্বাণের অভিনয় নিয়েও আপাতত কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

গত এক মাস ধরে ছবি মুক্তির তারিখ ও ক্যালেন্ডার নিয়ে টলিপাড়ায় যে টানাপোড়েন চলছে, তা নিয়েই ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোশিয়েশনের (ইম্পা) কলকাতা দপ্তরে বৈঠক হয়। বৈঠক শেষে দেব বলেন, “আজকের মিটিংয়ে কী নির্ধারিত হল আমার মনে হয় সেটা পিয়া সেনগুপ্ত ও স্বরূপ বিশ্বাসই বলবেন।” পাশাপাশি তিনি জানান, বাংলা ছবির ক্যালেন্ডার ঠিক করবে স্ক্রিনিং কমিটিই।

উল্লেখ্য, টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে সংঘাতের জেরে অনির্বাণের উপর অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে বলে অভিযোগ। সেই বিষয়েই সমাধানের আর্জি জানিয়ে দেব বলেন, “ও খুবই ভালো অভিনেতা… যদি অনির্বাণকে ক্ষমা চাইতে হয় তাহলে আমি ওর হয়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি।” অন্যদিকে, বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আপাতত কোনও মন্তব্য করতে চাননি স্বরূপ বিশ্বাস।

Leave a Reply