ভোটের লাইনে ক্ষোভের মুখে হেমা মালিনী, ক্যামেরার সামনে হাসিতে ড্যামেজ কন্ট্রোল

দিন কয়েক আগে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রূঢ় আচরণ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন হেমা মালিনী (Hema Malini)। সেই রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বৃহন্মুম্বই পুরসভার ভোট দিতে গিয়ে ফের সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন মথুরার সাংসদ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভোট দিয়ে বেরোনোর পর কয়েকজন প্রবীণ নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না পারার অভিযোগ তুলে তাঁকে ঘিরে ধরেন। পরিস্থিতি সামলাতে পুলিশি সহায়তায় সহকারীকে সামনে রেখে সেখান থেকে বেরিয়ে যান হেমা।

এরপর পাপারাজ্জিদের সামনে আগের বিতর্ক প্রসঙ্গে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে বলেন,

“এই দেখো, আমি কিন্তু হাসছি, ঠিক আছে? এবার আর অভিযোগ কোরো না যে হেমা মালিনী হাসে না!”

ভোটের কালি-চিহ্নিত আঙুলও দেখান তিনি।

প্রসঙ্গত, স্বামী ধর্মেন্দ্রর প্রয়াণের পর থেকেই গভীর শোকের মধ্যে রয়েছেন হেমা মালিনী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন,

“৫৭ বছর ধরে একটা মানুষের সঙ্গে কাটানোর পর তাঁকে ছাড়া একমুহূর্ত ভাবতে পারছি না! এখনও শোক কাটিয়ে উঠতে পারিনি। চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার।”

দীর্ঘদিন পর তাঁর মুখে হাসি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মুম্বইয়ের পাপারাজ্জিরাও।

Leave a Reply