অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া এবং প্রকল্পের সুবিধা প্রদানে বৈষম্যের অভিযোগে শুক্রবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বিক্ষোভ দেখালেন প্রায় ৫০০ জন মহিলা। খণ্ডঘোষ ব্লক অফিসের সামনে জড়ো হয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভে সামিল হন তাঁরা।আন্দোলনকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। তাঁদের দাবি, এলাকার বহু গরিব ও প্রান্তিক মহিলা এখনও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। অথচ আর্থিকভাবে তুলনামূলক স্বচ্ছল অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন বলে অভিযোগ তাঁদের।
এদিন বিক্ষোভ চলাকালীন মহিলারা আরামবাগ-বর্ধমান ৭ নম্বর রাজ্য সড়কের উপর বসে পড়েন। এর জেরে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পরবর্তীতে আন্দোলনকারীরা খণ্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আবেদন জানান। তাঁদের দাবি, সমস্যার বিষয়টি খতিয়ে দেখে সমাধানের জন্য বিডিও এক সপ্তাহ সময় নিয়েছেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে ফের খণ্ডঘোষ ব্লক অফিসে এসে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।





