পূর্ব বর্ধমান: আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে গলসি-২ নম্বর ব্লকের আদ্রাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
আয়ুষ্মান সপ্তাহকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতে এই শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের এই উদ্যোগে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
রক্তদান শিবিরকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রোম। তিনি রক্তদাতাদের অভিনন্দন জানান এবং এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
এ বিষয়ে আদ্রাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ দেবশ্রী সেন জানান, আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তের মজুত নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা খণ্ডঘোষ বিধানসভার ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি কানন মাঝি। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্বেচ্ছায় রক্তদানকারী সকলকে ধন্যবাদ জানান।
পরে কানন মাঝি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি ভর্তি থাকা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরিষেবা সম্পর্কে মতবিনিময় করেন।
আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে এই রক্তদান শিবির মানবিক উদ্যোগের পাশাপাশি সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।






