‘ডিম-থেরাপি’ বিতর্ককে হাতিয়ার করে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি নিশানা করলেন বর্ধমান–দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর কটাক্ষ, ডিম ছোড়ার কথা যদি ওঠেই, তাহলে আগে শুভেন্দু অধিকারীর উপরই ডিম ছোড়া উচিত। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কার্যালয়ে দলের কোর কমিটির বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন তিনি।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কীর্তি আজাদ অভিযোগ করেন, রাজনৈতিক কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ তুলে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে পাথর ও কাদা ছোড়া হয়েছে। পুলিশের উপস্থিতিতেই তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনাগুলি তুলে ধরে তাঁর প্রশ্ন, “এটাই কি সুশাসন?”অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, ওই ঘটনায় হেলমেট না থাকলে আরও বড় বিপদ ঘটতে পারত। একইসঙ্গে বিজেপি সরকারের ‘আইনের শাসন’ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।মহুয়া মৈত্রকে ঘিরে সাম্প্রতিক ডিম ছোড়ার ঘটনাতেও সরব হন কীর্তি। তাঁর অভিযোগ, একজন মহিলা সাংসদের অফিসে ডিম ছোড়া হলেও পুলিশ যথাযথ পদক্ষেপ নেয়নি। মহুয়া মৈত্রকে রাতের সময়ে অফিস থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, “এটা কি আইনের শাসন?”এরপরই শুভেন্দুকে নিয়ে আরও আক্রমণাত্মক হন কীর্তি আজাদ। তিনি বলেন, “ডিম তো শুভেন্দু অধিকারীর উপর ছোড়া দরকার।” পাঁচ লক্ষ টাকা নেওয়ার একটি পুরনো অভিযোগের প্রসঙ্গ টেনে বিজেপির দুর্নীতিবিরোধী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ‘সব চোর বিজেপিতে চলে গিয়েছে’ বলেও এদিন কটাক্ষ করেন তিনি। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়েও ব্যক্তিগত আক্রমণ করেন তৃণমূল সাংসদ।সব মিলিয়ে কীর্তি আজাদের মন্তব্যে ফের তীব্র হল তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা।