বর্ধমান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌর পরিষেবা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটল বৃহস্পতিবার রাতে। দীর্ঘদিন ধরে জলনিকাশি সমস্যা, বর্ষাকালে জল জমে থাকা এবং বিভিন্ন প্রয়োজনীয় নথি পেতে হয়রানির অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর শেফালী বেগমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাউন্সিলরের বাড়ির উদ্দেশে ডিমও ছোড়া হয়। বিক্ষোভকারীরা কাউন্সিলরের পদত্যাগের দাবিতে সরব হন।স্থানীয়দের অভিযোগ, নাগরিক পরিষেবার একাধিক সমস্যার কথা বারবার জানানো হলেও তার কোনও স্থায়ী সমাধান হয়নি। ইনকাম সার্টিফিকেটের জন্য কাউন্সিলরের সঙ্গে দেখা করতে গিয়ে বিউটি দাস নামে এক বাসিন্দা বাধার মুখে পড়েন বলে অভিযোগ। তাঁকে নাকি জানানো হয়, কাউন্সিলরের সঙ্গে দেখা সম্ভব নয়, প্রয়োজন হলে পৌরসভায় যোগাযোগ করতে হবে। এই ঘটনার পরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায় এবং বিক্ষুব্ধ বাসিন্দারা কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। তাঁদের দাবি, জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের সুযোগ না থাকলে সেই পদে থাকার নৈতিক অধিকারও প্রশ্নের মুখে পড়ে।অন্যদিকে, কাউন্সিলরের আত্মীয় ও স্থানীয় তৃণমূল নেতা মুক্তার মিঞা দাবি করেন, পারিবারিক কারণে কাউন্সিলর ওই সময় এলাকায় উপস্থিত ছিলেন না। আবেদনকারীকে পরে আসতে বলা হয়েছিল এবং পরবর্তীতে প্রয়োজনীয় শংসাপত্রের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিম ছোড়া ও পদত্যাগের দাবিকে ঘিরে এই ঘটনা এখন বর্ধমানের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এবার বর্ধমানেও শুরু ডিম থেরাপি ,পরিষেবা নাপেয়ে কাউন্সিলের বাড়ি ঘেরাও, জনতার ডিমবৃষ্টিতে উত্তাল বর্ধমান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড। ইস্তফার দাবি বিক্ষুব্ধ জনতার
By Bengal View
June 18, 2026 8:22 PM
---Advertisement---






