বর্ধমান শহরের বিভিন্ন ওষুধের দোকানে বৃহস্পতিবার ড্রাগ কন্ট্রোল বিভাগের অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বি সি রোড থেকে জি টি রোড পর্যন্ত একাধিক দোকানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, শিডিউল এইচ ও এইচ-১ রেজিস্টার, বিল এবং ওষুধের ব্যাচ নম্বর খতিয়ে দেখা হয়। অভিযানে ছিল বর্ধমান থানার পুলিশও।
অভিযানে ‘সোমা ব্রাদার্স’ দোকানে মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স এবং নথিতে গরমিল ধরা পড়ে বলে জানা গিয়েছে। ‘মেডিসিন হাউস’-এ নিয়ম লঙ্ঘনের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ ও একটি স্কিন ক্রিম উদ্ধার হয়েছে। কয়েকটি দোকানে শিডিউল এইচ-১-এর নিয়ম ঠিকমতো মানা হচ্ছে না বলেও উঠে এসেছে।
ড্রাগ কন্ট্রোল জানিয়েছে, অনিয়মের রিপোর্ট দফতরে জমা দিয়ে সংশ্লিষ্ট দোকানগুলির কাছে নথি চাওয়া হবে। সন্তোষজনক উত্তর না মিললে শোকজ, শুনানি এবং প্রয়োজনে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে। নেশাজাতীয় ওষুধের বেআইনি মজুত বা বিক্রির বিষয়টিও নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকেরা।





