দেবোত্ত সম্পত্তি জোর করে দখল এবং এক যুবককে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের মামলায় বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে আদালতে পেশ করার উপর থাকা স্থগিতাদেশ খারিজ করলেন বর্ধমান জেলা জজ বিমলকান্তি বেরা।
ফলে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পেশ করতে আর আইনি বাধা রইল না বলে জানিয়েছে সরকার পক্ষ। পুলিশের দাবি, তদন্তের স্বার্থে খোকন দাসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অন্যদিকে, তাঁর আইনজীবীরা সিজেএমের নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। দু’পক্ষের সওয়াল-জবাবের পর জেলা জজ স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
অভিযোগ, দেবোত্তর সম্পত্তির পুকুর ভরাট করে প্লট তৈরি ও বিক্রির প্রতিবাদ করায় হুমকি ও নির্যাতনের শিকার হন অভিযোগকারিণী ও তাঁর নাতি আশিস কুড়ি। অভিযোগকারিণীর দাবি, ২০২৪ সালের জানুয়ারিতে আশিস আত্মহত্যা করেন। মামলায় খোকন দাস ছাড়াও আরও পাঁচজনের নাম রয়েছে। বর্তমানে অন্য একটি মামলায় তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।






