ইঁদুরের উপদ্রবে জেরবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডে ইঁদুরের উৎপাতের জেরে অসুস্থ রোগীদের শরীরে কামড় দেওয়ার ঘটনাও ঘটছে। পরিস্থিতি সামাল দিতে রোগীদের বেডের পাশে রাখা হয়েছে ইঁদুর ধরার যন্ত্র। আর এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসপাতালের পরিষেবা, পরিচ্ছন্নতা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ, অত্যাধুনিক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র রাখার ঘটনায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। হাসপাতালে চিকিৎসা করাতে এসে ইঁদুরের উৎপাতের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
এই ঘটনায় সরব হয়েছেন ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর অভিযোগ, হাসপাতালে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে মানেই সেখানে ইঁদুরের অস্তিত্ব রয়েছে। তাঁর দাবি, হাসপাতালের ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। সরকার বদলালেও সরকারি আধিকারিকদের পরিবর্তন হয়নি বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরবেন বলেও জানান শ্রীরূপা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ ইঁদুরের সমস্যার কথা স্বীকার করেছে। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ তথা চিকিৎসক প্রসেনজিৎ বর জানান, রোগীরা যাতে ইঁদুরের কারণে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়টি মাথায় রেখেই বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে।
ঘটনাকে ঘিরে রোগীর পরিজনদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, রোগীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ইঁদুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।






