টোটোর যানজট থেকে ট্রলি-ভোগান্তি—বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী পরিষেবা নিয়ে একাধিক পুরনো সমস্যা ফের উঠে এল রোগী কল্যাণ সমিতির বৈঠকে। মঙ্গলবারের বৈঠকে হাসপাতালের বাইরে বিসি রোডে টোটোর দাপটে যানজট, ভিতরে পর্যাপ্ত পার্কিংয়ের অভাব এবং বিভিন্ন ওষুধের অপ্রতুলতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, পুলিশ সুপার পুষ্পা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সব্যসাচী দাস, হাসপাতাল সুপার শান্তনু সেন-সহ স্বাস্থ্য ও প্রশাসনের আধিকারিকেরা।
সবচেয়ে বেশি ক্ষোভের জায়গা হয়ে ওঠে ট্রলি পরিষেবা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জরুরি বিভাগ থেকে অন্য ওয়ার্ড বা পরীক্ষার জন্য রোগীকে নিয়ে যাওয়ার সময় অনেক ক্ষেত্রেই ওয়ার্ড বয় সঙ্গে থাকেন না। আধার কার্ড বা ভর্তির কাগজপত্র জমা দিয়ে ট্রলি নেওয়ার পর রোগীর পরিজনকেই সেটি ঠেলতে হচ্ছে বলে অভিযোগ। দীর্ঘদিনের এই সমস্যার পাশাপাশি ট্রলির চাকা-সহ বিভিন্ন যন্ত্রাংশের বেহাল দশা নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে বিসি রোডে টোটোর কারণে হাসপাতালে পৌঁছতে দেরি হওয়ার বিষয়টি নিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী।
বৈঠক শেষে মন্ত্রী-সহ স্বাস্থ্য আধিকারিকেরা হাসপাতালের ক্যান্সার সেন্টারে যান। সেখানে একটি বিশুদ্ধ পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হয়। তবে বৈঠকে ওঠা যানজট, ট্রলি, পার্কিং ও ওষুধের সমস্যাগুলির সমাধান কত দ্রুত বাস্তবে দেখা যায়, এখন সেদিকেই নজর রোগী ও তাঁদের পরিজনদের।
টোটোর জটে রোগীদের নাভিশ্বাস!বর্ধমান মেডিক্যালে ট্রলি ঠেলছেন রোগীর পরিজনরা,ওষুধ- পার্কিং নিয়েও ক্ষোভ !!রোগী কল্যাণ সমিতির বৈঠকে উঠল একগুচ্ছ অভিযোগ!!
By Bengal View
September 30, 2026 1:39 AM
---Advertisement---





