পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আহত কনস্টেবল বিশ্বজিৎকে দেখতে আচমকাই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে হাজির হলেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানলেন আহত পুলিশকর্মীর শারীরিক অবস্থার খবর। পাশাপাশি সাহসিকতার জন্য কনস্টেবল বিশ্বজিৎকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন। অন্যদিকে, অভিযুক্ত রতন শেখের বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে বলে দাবি করেন তিনি। অপরাধীর বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী।
শনিবার রাতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আচমকাই পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ কর্তারা। হাসপাতালে পৌঁছে প্রথমেই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। আহত কনস্টেবল বিশ্বজিতের চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, বর্তমানে বিপদমুক্ত রয়েছেন আহত পুলিশকর্মী। প্রাথমিক চিকিৎসাও ভালো হয়েছে। প্রয়োজনীয় স্ক্যান ও এক্স-রে করা হয়েছে। চিকিৎসকদের মতে, আপাতত তাঁকে আরও প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকতে হতে পারে।
প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আগামী দিনে চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ডিআইজিকে স্বাস্থ্যসচিবের সঙ্গে কথা বলার দায়িত্বও দিয়ে গিয়েছেন তিনি।
এই ঘটনার পর পুলিশকে আরও সক্রিয় হওয়ার বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, আইন মেনেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষ প্রমাণিত হলে কঠোরতম শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
পুলিশের অস্ত্র শুধু প্রদর্শনের জন্য নয়, প্রয়োজনে ব্যবহারের জন্যও দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতি অনুযায়ী পুলিশকেই আইন মেনে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান। তাঁর কথায়, পুলিশের উপর হামলার ঘটনায় কোনওভাবেই চুপ করে বসে থাকবেন না তিনি।





