অশোক সিংহলের জন্মশতবর্ষ উপলক্ষে শুক্রবার বর্ধমানে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় প্রমুখ অজয় পারেখ, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
হিন্দুত্বের ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্যপাল বলেন, ‘‘রাষ্ট্রের সংরক্ষণের কেন্দ্রে রয়েছে হিন্দুত্ব। আমরা যখন হিন্দু বলি, তখন ভারতের ১৪০ কোটি ভারতীয়কেই তার মধ্যে অন্তর্ভুক্ত করি।’’ তাঁর দাবি, হিন্দুত্বের হৃদয় অত্যন্ত বিস্তৃত এবং সেখানে কাউকে পর মনে করা হয় না। একই সঙ্গে তিনি বলেন, শুধু সামরিক শক্তি দিয়ে ভারতকে জয় করা সম্ভব নয় বুঝেছিল ইংরেজরা।
রাজ্যপালের বক্তব্য, ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও স্বাভিমানকে দুর্বল করতে ব্রিটিশরা ইতিহাস লেখাকে হাতিয়ার করেছিল। জেমস মিলের ইতিহাস লেখার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে সেই ইতিহাস শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর মাধ্যমে ভারতীয়দের মধ্যে নিজেদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে হীনমন্যতা তৈরির চেষ্টা হয়েছিল। তাঁর বক্তব্য ঘিরে অনুষ্ঠানের পর রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে।





