---Advertisement---

কাউন্সিলরের এলাকায় অবৈধ নির্মাণে বুলডোজার, ভাঙল নেতাজির মূর্তি স্থাপনের বেদি

June 12, 2026 6:02 PM
---Advertisement---

অবৈধ নির্মাণের অভিযোগে বর্ধমানের ৪ নম্বর ওয়ার্ডে মূর্তি বসানোর জন্য তৈরি করা একটি বেদি ভেঙে দিল বর্ধমান পুরসভা। অভিযোগ, এলাকার কাউন্সিলরের নির্দেশে এক বাসিন্দার বাড়ির প্রবেশদ্বারের সামনে ওই নির্মাণ করা হয়েছিল। বাসিন্দার আপত্তি সত্ত্বেও জোর করে নির্মাণ চালানো হয় বলে অভিযোগ। শুক্রবার পুরসভার পক্ষ থেকে বুলডোজার দিয়ে সম্পূর্ণ নির্মাণটি ভেঙে ফেলা হয়।
জানা গিয়েছে, বাজেপ্রতাপপুর এলাকার ব্যবসায়ী সোমনাথ মান্নার বাড়ির সামনে কয়েক বছর আগে রাস্তার উপর এলাকার কাউন্সিলর নুরুল আলম একটি নেতাজি মূর্তি স্থাপন করেছিলেন। সেই সময় থেকেই সোমনাথবাবু আপত্তি জানিয়ে আসছিলেন বলে দাবি। পরে গত বছর মূর্তিটি সরিয়ে সেখানে নতুন করে কংক্রিটের ছাউনি-সহ একটি বেদি নির্মাণ করা হয়। যদিও বেদি তৈরি হলেও সেখানে আর কোনও মূর্তি স্থাপন করা হয়নি। অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে ওই এলাকায় কাউন্সিলরেরও আর দেখা মেলেনি।
এরপর সোমনাথ মান্না ফের বর্ধমান পুরসভায় অভিযোগ জানান যে, ওই নির্মাণের কারণে তাঁর বাড়ির প্রবেশপথে বাধা সৃষ্টি হচ্ছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার পুরসভা অভিযান চালিয়ে নির্মাণটি ভেঙে দেয়। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, “পুরসভার কাছে জমা পড়া নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। বাজেপ্রতাপপুর এলাকায় ওই নির্মাণের কোনও বৈধ অনুমোদন ছিল না। তাই অবৈধ নির্মাণ হিসেবে সেটি ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতেও যেকোনও অবৈধ নির্মাণের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

Join WhatsApp

Join Now